মেধা ও বিজ্ঞানেই সমৃদ্ধ বাংলাদেশ: মাগুরায় স্টার্টআপ ও বিজ্ঞান মেলার উদ্বোধনে – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বিশেষ প্রতিনিধিঃ সুবির ঘোষ।
‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS) এই মেলার আয়োজন করে।
শুক্রবার (১২ জুন) পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মহম্মদপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন
শুক্রবার সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রি-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোহাঃ মতিউর রহমান।
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা।
সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুজ্জামান।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মোট ১০টি উদ্ভাবনী স্টল স্থান পায়। উদ্বোধনের পর মাননীয় মন্ত্রী শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন চমৎকার ও আধুনিক প্রযুক্তিগত প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাদের মেধার প্রশংসা করেন।
শালিখায় মেলা পরিদর্শন ও মানবিক সহায়তা বিতরণ
মহম্মদপুরের অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় শালিখা উপজেলা মিলনায়তনে যান সংস্কৃতি মন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চিকিৎসা সহায়তা, বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরী চেক, জিআর (চাল) এবং জিআর নগদ টাকার চেক বিতরণ করেন। এ সময় শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশিকুর রহমান বক্তব্য রাখেন।
পরবর্তীতে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ হল রুমে আয়োজিত শালিখা উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ ও বিজ্ঞান মেলা’র স্টলগুলো পরিদর্শন করেন মন্ত্রী। শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মাননীয় মন্ত্রীর এপিএস ও শালিখার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
মাগুরা জেলা শিক্ষা অফিসার প্রদ্যুৎ কুমার দাস।
সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু।
মাগুরা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও আব্দুল মোতালেব।
উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারব।” তরুণ শিক্ষার্থীদের এই ধরনের উদ্ভাবনী কাজে আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।























