উত্তর পালরদী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দীর্ঘদিন ধরে মাদকসেবনের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আলিম ডাক্তার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয় নারী-পুরুষের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে একাধিক অভিযোগও করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















