মাহিলাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান দুই মাদকসেবী আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু ও বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত একজনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৭ (সাত) দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের এ রায়ের মাধ্যমে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন কার্যকর পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা ও সেবন উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


















