গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১
গৌরনদী স্টাফ রিপোর্টারঃ
গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় আকস্মিক বজ্রপাতে পানবরজে কর্মরত দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতরা হলেন মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
এছাড়া গুরুতর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই তিনজন ভিমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন গোপাল সরকার।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




































