গৌরনদীতে খাল দখলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন ইউএনও, দখলমুক্তের নির্দেশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
অনলাইনে খাল দখলের অভিযোগ প্রকাশিত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি খাল দখলের সত্যতা পান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে ইউএনও মোঃ ইব্রাহীম সরেজমিনে উপস্থিত হয়ে দখলদারদের কঠোরভাবে সতর্ক করেন এবং দ্রুত তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে খালটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, জনস্বার্থে খাল, নদী বা সরকারি কোনো সম্পত্তি দখল করার সুযোগ নেই এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী খালটি দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় গৌরনদী উপজেলা প্রশাসন নিয়মিতভাবে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করে আসছে।































